যমজ শিশু হাসান-হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সি যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা এবং সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এই উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেন।
পরিদর্শনকালে ডা. বিটু শিশুদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি হাসান ও হোসেনসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানসহ ঊর্ধ্বতন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু হাসান ও হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল হওয়ায় ইতিমধ্যে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও কিছুটা পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
উল্লেখ্য, অসুস্থ যমজ শিশুদের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক সহায়তায় শিশুদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।