↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৫ মে ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ মে ২০২৬, ১:১৮ পি.এম

সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বের হতে হবে: তথ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং এর সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি উল্লেখ করেন, সংবিধানই সকল আইন ও বিধির মূল ভিত্তি এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত করতে হবে।

প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, কর্মকর্তাদের বিচ্ছিন্নভাবে থাকা সক্ষমতাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন, ছড়িয়ে থাকা আলোকে লেজারে রূপান্তর করলে যেমন তার শক্তি বহুগুণ বেড়ে যায়, তেমনি সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রশাসন আরও উৎপাদনশীল হয়ে উঠবে। কালেক্টিভ নলেজের চাইতে বড় কোনো নলেজ নেই বলেও তিনি মন্তব্য করেন।

কর্মপরিবেশের উন্নয়নে কর্মকর্তাদের মুক্তভাবে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরি এবং প্রশাসনের সর্বস্তরে দ্রুত ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তথ্যের স্বচ্ছতা না থাকলে অযথা সন্দেহ তৈরি হয় উল্লেখ করে তিনি মন্ত্রণালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।