লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৬ মে) সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত তাৎক্ষণিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন। ড. কামিল ইদ্রিস এ সময় বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় দিনগুলোতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সাধুবাদ জানান। এর পাশাপাশি তিনি সুদানে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি কামনা করেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও শুভকামনার জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দেশটির জনগণের শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সুদানের মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বেশি সুদৃঢ় ও জোরদার হবে।