↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ মে ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ১৭ মে ২০২৬, ১০:১৭ পি.এম

বৈদেশিক বাজারে মাংস রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে সরকার উৎসাহ দিচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বৈদেশিক বাজারে বাংলাদেশের মাংস রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিশেষ উৎসাহ ও সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেন, দেশীয় খামারভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

রোববার (১৭ মে) পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায় এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, তা যাচাই করতেই এই পরিদর্শন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেঙ্গল মিট কর্তৃপক্ষ অত্যন্ত বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাত করছে এবং সীমিত আকারে রপ্তানিও শুরু করেছে। এই রপ্তানি কার্যক্রমে যাতে কোনো ধরনের বাধা বা সমস্যা না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে কী ধরনের নীতিগত ও অন্যান্য সহায়তা দেওয়া যায়, তা পর্যালোচনা করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কারখানার উৎপাদন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিমসহ বেঙ্গল মিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বাঘাবাড়ীঘাট দুগ্ধ কারখানাও পরিদর্শন করেন। সেখানে তিনি কারখানার দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।

মিল্ক ভিটা পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মিল্ক ভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।