↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ মে ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ মে ২০২৬, ২:১৯ পি.এম

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবাকে সহজ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভূমিসেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে যাতে কোনো ধরনের দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়, সে জন্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা নিশ্চিত করা হবে। বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে। রাজধানী ঢাকা তথা জাতীয় পর্যায়সহ দেশের প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একযোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। ভূমি মন্ত্রণালয়ের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো ভূমি সেবা প্রক্রিয়াকে সহজীকরণ করা, সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সব সেবা পৌঁছে দেওয়া।