তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: বৈধ পথে আরও বেশি বাংলাদেশি নেওয়ার অনুরোধ

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো আজ সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারের শুরুতেই ইতালির রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিবাসন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন, যাঁরা দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সমুদ্র পথে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এর জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। ইতালিকে বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে উল্লেখ করে তিনি অবৈধ উপায়ে ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণের জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। একই অনুরোধ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও। জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিগত এক বছরেই দেশটিতে ২০ হাজার বাংলাদেশি অভিবাসী হয়েছেন।
তা ছাড়া, বৈঠকে তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের উন্নয়ন নিয়েও কথা হয়। তথ্যমন্ত্রী গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার বিষয়ে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন। ইতালির প্রযুক্তিগত উৎকর্ষের কথা উল্লেখ করে তিনি এই খাতে ‘নলেজ শেয়ারিং’ বা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এর পাশাপাশি উভয় দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারে পণ্যের বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।