↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ মে ২০২৬, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ মে ২০২৬, ৫:২৯ পি.এম

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠককালে তিনি এই সহযোগিতার আহ্বান জানান। রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমকে আরও সমন্বিতভাবে পরিচালনা করা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে মূলত এই মিশন পরিচালিত হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার মিসেস কেলি টি. ক্লেমেন্টস এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক মিসেস রানিয়া দাগাশ কামারা যৌথভাবে নেতৃত্ব দেন। তাছাড়া, বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা অংশ নেন।

দ্বিপাক্ষিক এই আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মিয়ানমারের বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তার সার্বিক দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।