↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২১ মে ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ২০ মে ২০২৬, ৭:৫৯ পি.এম

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়: পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংস কিংবা সিলেট টেস্টের প্রথম ইনিংস—সবখানেই বাংলাদেশের পেসারদের গতির আগুনে ছারখার হয়েছে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি তরুন পেসার নাহিদ রানার গতিতে পরাস্ত হয়েছে শান মাসুদের দল। ফলশ্রুতিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার স্বাদ পেতে হয়েছে পাকিস্তানকে। যে দেশটি একসময় বিশ্ব ক্রিকেটে পেস বোলিংয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল, তাদেরই এমন অসহায় আত্মসমর্পণ পুড়িয়েছে ক্রিকেট বিশ্বকে।

পাকিস্তানের এই ভরাডুবি ও বাংলাদেশের মাটিতে সফরকারীদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে ভীষণ হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও পেস বোলিংয়ের কিংবদন্তি তারকা ওয়াসিম আকরাম। তবে নিজের দেশের ব্যর্থতায় হতাশ হলেও, বাংলাদেশের পেসারদের অভূতপূর্ব উন্নতিকে অভিনন্দন জানাতে ভুল করেননি এই প্রবাদপ্রতিম তারকা। বিশেষ করে বাংলাদেশের নতুন গতিদানব নাহিদ রানার বোলিং তাকে দারুণভাবে মুগ্ধ করেছে।

সিলেট টেস্টে পাকিস্তানের ৭৮ রানে পরাজয় এবং সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান ওয়াসিম আকরাম। সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশের কাছে পাকিস্তানের টানা দ্বিতীয় হার দেখে সত্যিই হতাশ। তবে বিজয়ী দলকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা মাঠের লড়াইয়ে পূর্ণাঙ্গ ক্রিকেট খেলেছে।”

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বাংলাদেশের উইকেট তৈরির মানসিকতায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটিরও দারুণ প্রশংসা করেন এই সাবেক পাকিস্তানি তারকা। তিনি উল্লেখ করেন, এক সময় বাংলাদেশ কেবল ধীরগতির ও অতিরিক্ত টার্ন পাওয়া স্পিন-সহায়ক উইকেট তৈরি করত। তবে বর্তমানে তারা চমৎকার টেস্ট উইকেট বানাচ্ছে, যা দলটির উদীয়মান ও দ্রুতগতির পেস বোলারদের দারুণ সহায়তা করছে। আর এই পেসাররাই শেষ পর্যন্ত গতি ও সুইংয়ে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট এখন অনেক পরিপক্ব মন্তব্য করে ওয়াসিম আকরাম বলেন, বাংলাদেশ দল এখন এই সংস্করণে বিশ্বের যেকোনো সেরা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করে তিনি যোগ করেন, “নাহিদ রানা কী অসাধারণ এক প্রতিভা! তাকে বল করতে দেখা সত্যিই দারুণ উপভোগ্য। অভিনন্দন বাংলাদেশ।”