↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ মে ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ মে ২০২৬, ৫:০৪ পি.এম

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে জাতীয় নির্বাচন সফলভাবে শেষ করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনকে কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। কোনো ধরনের সহিংসতা ছাড়া একটি রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়াই এখন কমিশনের মূল লক্ষ্য বলে জানান সিইসি।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’ (আনফ্রেল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, এই নির্বাচন আয়োজন করা এখন আমাদের সামনে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে আমরা একটি রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে সহিংসতার আশঙ্কা উড়িয়ে না দিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার সবসময় দেশের মঙ্গল চাইবে। আমাদের দৃঢ় বিশ্বাস, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে কমিশনকে সব ধরনের প্রশাসনিক সহায়তা প্রদান করবে। তবে নির্বাচনী মাঠে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে এবং তা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বাংলাদেশের সার্বিক নির্বাচনী পরিবেশের মূল্যায়ন করেন। তিনি বলেন, পৃথিবীর কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত বা পারফেক্ট হয় না। তবে বাংলাদেশের বিগত নির্বাচনের ইতিহাসের তুলনায় এবারের ভোটগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন উল্লেখ করে তিনি এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে অভিহিত করেন এবং দেশের গণতন্ত্রের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন।