↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ মে ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ মে ২০২৬, ৯:৪৯ পি.এম

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সীমান্তে বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দেশটির সম্পূর্ণ নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই প্রক্রিয়ার জেরে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড এবং দেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ঘোষণায় জানান, সিএএ-এর আওতার বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তরের কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই পুশব্যাক সংক্রান্ত বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের ‘সিএএ’ কিংবা আসামের ‘এনআরসি’ তাদের নাগরিকদের জন্য তৈরি নিজস্ব আইন-কানুন। ফলে এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য থাকার অবকাশ নেই। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারি রাখছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পলাতক নেতাদের উসকানিমূলক বক্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার তাকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত আনতে চায়।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে সুনির্দিষ্ট মামলার মুখোমুখি করার লক্ষ্যে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।