↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মে ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ মে ২০২৬, ১:০২ এ.এম

দেশবাসী ও বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন মুহূর্তে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমের প্রতি তিনি ‘ঈদ মুবারক’ জানান।

কুরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে তারেক রহমান উল্লেখ করেন, কুরবানি শুধু পশু জবাই করার আনুষ্ঠানিকতা নয়। বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই এর প্রকৃত মাহাত্ম্য নিহিত রয়েছে। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজের অহমবোধকে সমর্পণের এই উৎসব সবাইকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রাব্বুল আল-আমীন এ বছর যাদের কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তারা যেন সামর্থ্যহীনদের সঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে নেন। এটিও কুরবানির অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে তিনি স্মরণ করিয়ে দেন।

পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে তারেক রহমান দেশের জনগণের প্রতি বিনীত আহ্বান জানান, যেন কুরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। একই সাথে কুরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকভাবে সহায়তা করার অনুরোধ করেন তিনি। ঈদের দিনেই যেন সংশ্লিষ্ট স্থানগুলো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করা যায়, সেজন্য যথাসম্ভব সবাইকে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার তাগিদ দেন।

তাছাড়া, পবিত্র ঈদের এই মাহেন্দ্রক্ষণে দেশের সার্বিক কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সাথে বিশ্বজুড়ে সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।