↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মে ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ মে ২০২৬, ১:২৬ এ.এম

কক্সবাজারবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সুমহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই উৎসব ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার প্রেরণা যোগায়।

তিনি উল্লেখ করেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যখন ঈদের আনন্দে সমভাবে অংশ নিতে পারে, তখনই এই আনন্দের পরিপূর্ণতা লাভ হয়। নাগরিকরা যাতে নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন ও পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তাছাড়া, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি বিশেষ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহার শিক্ষা যেন সবার জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একই সাথে কোরবানি পরবর্তী পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে সুনির্দিষ্ট ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। পরিশেষে তিনি সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।