মনের পশুত্বকে পরাজিত করার মধ্যেই কুরবানির প্রকৃত মাহাত্ম্য নিহিত: মির্জা ফখরুল

শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা সব ধরনের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করেই সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সমাজের একটি বড় অংশ আজ চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়ে দিনাতিপাত করছে। দেশের এই হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
তাছাড়া সমাজ থেকে বৈষম্য দূর করার তাগিদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুরবানির আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের সব অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করতে হবে। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে নামাজ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাধারণ মুসল্লি ও ঠাকুরগাঁওবাসীসহ দেশ-বিদেশের সব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।