↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ জুন ২০২৬, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ মে ২০২৬, ৬:০৫ এ.এম

জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর ২০টি ঐতিহাসিক মাইলফলকের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘বাংলাদেশের রূপান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র তাঁর স্ট্যাটাসে লেখেন, এর মধ্যে যেকোনো একটি অর্জন থাকলেই নির্দ্বিধায় একজন রাষ্ট্রপ্রধানকে সফল বলা যায়। জিয়াউর রহমানকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ইতিহাসে এমন কোনো নজির নেই যে, একজন নেতা নিজ দেশের জন্য বহুমাত্রিক ভূমিকা রেখে এভাবে পরিণত হয়েছেন সমগ্র জাতির সত্তা ও অস্তিত্বের অংশে।

মাহদী আমিনের দেওয়া স্ট্যাটাসে জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হওয়া। এছাড়া সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক হিসেবে ভূমিকা পালন, দেশের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ প্রবর্তন করার বিষয়গুলো উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বেসরকারি খাতের বিকাশে জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয়েছে। পাশাপাশি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প, জনশক্তি রপ্তানি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাল খনন কর্মসূচির মতো অর্থনৈতিক রূপান্তরের বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সার্ক প্রতিষ্ঠা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদ লাভ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার মতো সাহসী পদক্ষেপগুলোর কথা উপদেষ্টা তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন।

ফেসবুক স্ট্যাটাসের শেষে উপদেষ্টা মাহদী আমিন জানান, এই অর্জনগুলো বাংলাদেশের রাষ্ট্রগঠন, উন্নয়ন ও আন্তর্জাতিক অবস্থানকে সুদৃঢ় করার কালজয়ী ইতিহাস। জিয়াউর রহমানের কর্ম ও নেতৃত্ব আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের সেই আদর্শ, রাজনীতি ও রাষ্ট্রনীতির ধারাবাহিকতা আজ বহন করছেন জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেমনটি অতীতে করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।