১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।
কারাফটকে আইভী বলেন, ‘বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।’ এ সময় কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ‘জেলে আমার মতো অনেক মা রয়েছেন। এর মধ্যে যারা নিরপরাধ, তাদের প্রতি সরকার সদয় হবে বলে আশা করি।’
আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার সাবেক এই মেয়রের মুক্তির তথ্য নিশ্চিত করেছেন। মুক্তির সময় কারাগারে আইভীর নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ কয়েকজন আইনজীবী ও তাঁর স্বজনরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ১২টি মামলা চলমান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজস্ব বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত তাতে ‘নো অর্ডার’ দেন। এর আগে ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
সব মিলিয়ে ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকার পর সংশ্লিষ্ট আইনি আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে বিপুল ভোটে তিনি মেয়র নির্বাচিত হন।