↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ জুন ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ জুন ২০২৬, ৫:১৮ পি.এম

ঢাকার পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করায় এটি আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকার বায়ু, পানি ও পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূষণের তীব্রতায় নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ইদানীং তাঁর মনে হচ্ছে তিনি আর এ শহরে থাকবেন না; ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন।

শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর মনের এই সুনির্দিষ্ট ভাবনার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী আসলে কতটুকু উপকৃত হচ্ছে, তা গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে একটি প্রকৃত বাসযোগ্য নগর গড়ে তোলার জন্য কার্যকর পরিকল্পনা, প্রশাসনিক জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। যেকোনো নতুন প্রকল্প নেওয়ার আগে এই বিষয়গুলোকে সামনে নিয়ে এগোনো দরকার বলে তিনি উল্লেখ করেন।

পরিবেশের বিপর্যয় তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ঘর থেকে বের হলেই যে বাতাস গ্রহণ করতে হয়, সেটাও দূষিত। এমনকি সরকারি হাসপাতালে গেলে সেখানে ঢোকাই যায় না। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এই অবস্থা থেকে বের হয়ে প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে আনতে না পারলে সব স্বপ্নই অধরা থেকে যাবে।

মানুষ যাতে আরও দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং বাসযোগ্য শহর ও নগর গড়ে তোলার আন্দোলন প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের ইতিবাচক উদ্যোগ নগরবাসীকে আলোড়িত করবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না। যারা নীতিনির্ধারণ করছেন, ঢাকা শহর পরিচালনা করছেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আছেন, তাদেরও কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে। সিটি করপোরেশনকে স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন আধুনিক নগর নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

“আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকব না; আমি আমার দেশের অন্য শহরে গিয়ে থাকব। কারণটা হচ্ছে, এটা আর বাসযোগ্য মনে হয় না।” — মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থনীয় সরকার মন্ত্রী)