↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ জুন ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ জুন ২০২৬, ৭:০৯ পি.এম

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে আইনগত ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববারের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা আগামীকাল রোববার বিকালের মধ্যে শোকজ নোটিশের জবাবের মাধ্যমে আদ্-দ্বীন হাসপাতালকে জানাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন অনুযায়ী শান্তির বিধান নিশ্চিত করা হবে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, জনগণের জরুরি চিকিৎসায় সরকার বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের ঘাটতি পূরণের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি বলেন, মূলত তিন পর্যায়ে এই সেবা দেওয়ার মহাপরিকল্পনা করছে সরকার। এর মধ্যে থাকবে—গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহণের জন্য তিন ধরনের আলাদা ডিজাইনের অ্যাম্বুলেন্স। স্থানীয়ভাবে উৎপাদিত এই বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সাপোর্টসহ জরুরি সেবার সব আধুনিক সুবিধা যুক্ত থাকবে। অত্যন্ত কম খরচে প্রান্তিক মানুষের কাছে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। এই অ্যাম্বুলেন্সগুলোর কারিগরি ও ডিজাইন সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাজ করবে।

তাছাড়া ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, রবীন্দ্র সরণি থেকে শুরু করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে র‍্যালি করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।