নয়াদিল্লিতে কাল শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, পুশইন বন্ধে জোর দেবে বাংলাদেশ

ভারতের নয়াদিল্লিতে সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে জোরালো আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশইনের চেষ্টাকে আমরা বাধা দেব।’
আসন্ন বিজিবি-বিএসএফ শীর্ষ বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, এই দ্বিপক্ষীয় আলোচনায় সামগ্রিক সীমান্ত পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। তিনি উল্লেখ করেন, মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকটি নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার ভারতের পালা হওয়ায় এই বৈঠকের আয়োজন নয়াদিল্লিতে হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে। সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তবে এই ধরনের সমস্যাগুলো প্রাথমিকভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করে সরকার। বর্তমানে কূটনৈতিক চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর এটিই হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের প্রথম শীর্ষ বৈঠক।