চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

চীন সরকারের আমন্ত্রণে একটি সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রোববার (৭ জুন) দুপুরে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য ও গণমাধ্যম খাতের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সফর উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে একটি সংক্ষিপ্ত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বিশেষ আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশ নেবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সফরের অংশ হিসেবে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা খাতে প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনার এজেন্ডা নির্ধারিত রয়েছে।