↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৮ জুন ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ৭ জুন ২০২৬, ৭:৩৪ পি.এম

শিশু রামিসা হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আশা প্রকাশ করেন যে, আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। এর পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

অন্যদিকে সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দও এই বর্বরোচিত ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতেও যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।