↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৯ জুন ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৮ জুন ২০২৬, ৪:৪৯ পি.এম

২০২৫ সালের তুলনায় দেশে অপরাধের সংখ্যা কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে সম্পূর্ণ বিশ্বাস করে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার নিম্নমুখী। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা কেমন, সেটি দেশের জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনের শাসন বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারে।

এরই ধারাবাহিকতায় কর্তব্যকাজে বিশেষ অবদানের জন্য পুলিশের বেশ কয়েকজন সদস্যকে পুরস্কৃত করার তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুততম সময়ে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান, দৌলতদিয়া ঘাটে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

এ ধরনের মূল্যায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের কাজের মনোবল আরও বাড়বে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভালো কাজের জন্য যেমন স্বীকৃতি দেওয়া হবে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন দিয়েছে, সেটিকে নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, টিআইবির এমন প্রতিবেদন মূলত পত্রিকা নির্ভর। বাস্তবে গত বছরের চেয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।