বৈদেশিক বিনিয়োগ আনলে মিলবে দেড় শতাংশ কমিশন, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন থেকে কোনো ব্যক্তি—তিনি বাংলাদেশি হোন বা বিদেশি—দেশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে এলে মোট বিনিয়োগের ওপর দেড় শতাংশ (১.৫%) কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই নতুন সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় জিজ্ঞাসা বা সমস্যা ছিল যে, তারা যদি বিনিয়োগের পর লাভের অংশ নিজেদের দেশে নিয়ে যেতে না পারেন, তবে কেন এখানে বিনিয়োগ করবেন? বর্তমান সরকার আইনি সংস্কারের মাধ্যমে এই লভ্যাংশ স্থানান্তরের সমস্যাটির স্থায়ী সমাধান করেছে।
আইনি জটিলতা দূর করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে কয়েকদিন আগে আমরা একটা উচ্চপর্যায়ের সভা করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক—যিনিই দেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবেন, আমরা তাঁকে মোট বিনিয়োগ থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন দেবো।”
সরকার আশা করছে, এই বিশেষ ইনসেনটিভ বা প্রণোদনা দেওয়ার ফলে বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করতে আরও বেশি উৎসাহিত হবেন।
জনাব তারেক রহমান আরও উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অনেক যোগ্য ও মেধাবী বাংলাদেশি রয়েছেন। তারা এই সুযোগের মাধ্যমে বিদেশি বড় বড় ইনভেস্টর বা বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হবেন। এই সুনির্দিষ্ট পরিকল্পনাকে কাজে লাগিয়ে আগামীতে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বহুগুণ বাড়ানোর চেষ্টা করা হবে বলে তিনি জানান।