বাংলাদেশের চমৎকার হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার বিশেষ প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় চমৎকার দক্ষতা ও সুশৃঙ্খলতার প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সৌদি হজমন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রীর মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনগুলোতে বৈশ্বিক হজ ব্যবস্থাপনার সার্বিক মানোন্নয়নে বাংলাদেশের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এর পাশাপাশি ২০২৭ সালের হজের আনুষ্ঠানিকতা আরও সহজ ও উন্নত করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথা বৈঠকে তুলে ধরেন।
এদিকে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এবারের হজে হাজিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, দক্ষ ভিড় ব্যবস্থাপনা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে উন্নত হাজি সেবার মাধ্যমে একটি চমৎকার পরিবেশ তৈরি করার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
ধর্মমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে হজ ব্যবস্থাপনার যেকোনো টেকসই উন্নয়নে বাংলাদেশ সব সময় সৌদি সরকারের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।