↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ জুন ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ জুন ২০২৬, ৫:৪৫ পি.এম

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে সঞ্চয়পত্র হস্তান্তর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় পৌঁছে তিনি এই বীর শহীদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত ও মোনাজাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় স্থানীয় শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী ওয়াসিমের পরিবারের ভবিষ্যৎ সহায়তার অংশ হিসেবে তাদের হাতে ২০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র তুলে দেন।

এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যকার ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম নিহত হন।

নিহত ওয়াসিম আকরাম মেহেরনামা বাজারপাড়া এলাকার বাসিন্দা শফিউল আলমের ছেলে। পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। পড়াশোনার পাশাপাশি তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।