আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য, দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে যার যার সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বেলা তিনটায় কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জনসাধারণের প্রতি তিনি এই আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তারা যেন একটি চমৎকার পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেটি মাথায় রেখে আজ থেকেই প্রত্যেকের একটি করে চারা রোপণ করা উচিত। এই বৃক্ষরোপণ অভিযান সফল হলে আগামী দিনে নতুন প্রজন্ম পরিষ্কার ও বিশুদ্ধ বাতাসে বেঁচে থাকার নিশ্চয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে অঙ্গীকার করা হয়েছিল যে আল্লাহ রহমতে সরকার গঠন করতে পারলে দেশব্যাপী বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে। সেই লক্ষ্য অনুযায়ী বছরে অন্তত ৫ কোটি করে আগামী ৫ বছরে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করবে সরকার। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশের বাতাসকে সম্পূর্ণ মুক্ত ও বিশুদ্ধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিজ নিজ জেলাকে সুন্দর ও সবুজ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
সবশেষে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।