↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ জুন ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পি.এম

আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্সের জন্য কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী উপায়ে দেশ চালাচ্ছে এবং সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে কোনো ধরনের ঘুষ দিতে হয় না।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বিগত সরকারের অর্থ পাচারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। অন্যদিকে জামায়াতের নেতারা এখন আদ-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলছেন বলে তিনি মন্তব্য করেন।

দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য সহজ করতে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, একটি নতুন পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এই প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মীরা সরাসরি প্রতিটি ঘরে ঘরে যাবেন এবং প্রাথমিক সেবা প্রদান করবেন। মাঠপর্যায়ের কর্মীরা যদি মনে করেন কোনো রোগীর হাসপাতালে যাওয়া প্রয়োজন, তবেই কেবল তাকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।

তাছাড়া দেশের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, চীনের সহযোগিতায় সরকার দেশে ৩ হাজার বেডের দুটি নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে। এই হাসপাতালগুলোতে বিশেষ করে শিশু ও নারীদের আধুনিক চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

মনোহরদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার উপস্থিতিতে অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।