↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ জুন ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৪ জুন ২০২৬, ৭:১৭ পি.এম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দময় ও গতিশীল করে তোলার লক্ষ্যে সরকার শিক্ষা খাতের সব ধরনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) ২০২৬’ বিষয়ক যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী আরও উল্লেখ করেন, পোশাক বিতরণের পাশাপাশি প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীকে পুষ্টির চাহিদা পূরণে শিগগিরই ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার দেওয়া হবে।

শিক্ষার গুণগত মান ও মূল্যবোধের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা সুনাগরিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠুক। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

দেশের বিপুল জনশক্তিকে দক্ষ সম্পদে রূপান্তরের তাগিদ দিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশের সুবিধা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হবে। এই বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং ক্যাম্পেইন ফর পপুলার অ্যাডুকেশনের (ক্যামপে) নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

তাছাড়া আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাইকমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজাসহ শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।