প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রকল্প চালুর পর এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় আমন্ত্রিত কারিগরি বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে তাঁদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। বিশেষ করে বিআরটি’র মূল নকশা, আধুনিক স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান উন্নয়ন, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাঁরা নিজেদের কারিগরি পর্যবেক্ষণ ও পরামর্শ উপস্থাপন করেন। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে এই প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও সভায় আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক।
তাছাড়া কারিগরি বিশেষজ্ঞদের পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক মোসলেহ উদ্দীন হাসান, অধ্যাপক মো. হাদিউজ্জামান ও অধ্যাপক রাকিব আহসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।