সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু: স্থানীয় সরকারমন্ত্রী

দেশজুড়ে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের বর্ষা মৌসুমের শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়াসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাজেটের আর্থিক প্রাপ্যতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রক্রিয়ার শুরুতে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন সম্পন্ন করা হবে। একই সময়সীমার মধ্যে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে।
তাছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে এবং নির্বাচনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠি পাঠানো হয়েছে।
এর আগে মন্ত্রী উল্লেখ করেন, নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে।