পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ব্রডগেজ লাইন: সারা দেশে নিরবচ্ছিন্ন রেল নেটওয়ার্কের উদ্যোগ

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মেগা উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের এক প্রান্ত পঞ্চগড় থেকে অন্য প্রান্ত কক্সবাজার পর্যন্ত বিস্তৃত মিটার গেজ রেললাইনসমূহকে পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর করা হবে। একই সাথে রেলওয়ের সামগ্রিক সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, উক্ত বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং পণ্য পরিবহন আরও সহজ করতে পঞ্চগড়-কক্সবাজার রুটের ট্র্যাক পরিবর্তনের পাশাপাশি সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।
তাছাড়া এসব বড় বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা হবে, সে বিষয়েও বৈঠকে অংশ নেওয়া নীতিনির্ধারকদের মাঝে বিস্তারিত আলোচনা হয়েছে বলে উপ-প্রেস সচিব উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন সভায় উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের পক্ষে মতামত তুলে ধরেন।