↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ জুন ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ জুন ২০২৬, ১১:৫১ পি.এম

দূষণ ও দখলে দেশের নদীগুলো হুমকির মুখে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও সংস্কৃতি নদীকেন্দ্রিক হলেও জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা হ্রাস, দূষণ ও দখলের কারণে দেশের নদীগুলো এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ‘নদী মেলা ২০২৬’–এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন, যা বিকেলে শেষ হয়। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত এই মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী’। প্রকৃতি, নদী ও মানুষের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা এবং নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানিপ্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য স্থানীয় জনগণ, গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

মেলার আয়োজক সংস্থা সিএনআরএসের প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন বলেন, এই মেলা কেবল একটি উৎসব নয়, বরং জ্ঞান বিনিময়, সংলাপ ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি জানান, ‘দ্য পিপলস রিভারস্কেপ’ প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় অংশগ্রহণমূলক নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে সেখানে টেকসই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যা নদী সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অক্সফাম নেদারল্যান্ডসের প্রজেক্ট ডেভেলপমেন্ট লিড ভেরোনিকা বারকো জোরামস, পলিসি লিড পেত্রিকেলা ইয়োহানা ফ্রান্সিস্কা মারিয়া, অক্সফাম নেপালের প্রোগ্রাম ম্যানেজার রাজন সুবেদি, ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মো. সিবলী সাদিক, অক্সফাম নেপালের রিসার্চ অ্যাডভাইজার সংঘা শ্রেষ্ঠা এবং অক্সফাম ইন্টারন্যাশনাল-এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার এনামুল মজিদ খান সিদ্দিকী।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাস, অক্সফাম, ট্রোসা প্রোগ্রামসহ বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ ও নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলার মাধ্যমে নদী সংরক্ষণ বিষয়ে অংশীজনদের মধ্যে সমন্বয় ও জনগণের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।