↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ জুন ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৯ জুন ২০২৬, ১০:৫৬ পি.এম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, নান্দাইলে ত্রাণ ও হুইলচেয়ার বিতরণকালে তথ্য প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, নান্দাইল অঞ্চলে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না এবং সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৯ জুন) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআর চাল বিতরণ করা হয়।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ দেশ ও জনগণের কল্যাণে সব ধরনের উন্নয়ন প্রকল্প পরিচালনা করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে যে দেশ ও জনগণের প্রকৃত উন্নয়ন হয়, চলমান কার্যক্রম তারই প্রমাণ।

সহায়তা সামগ্রী বিতরণের পূর্বে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ১৫টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র তুলে দেন। একই সাথে স্থানীয় দুস্থ ও অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর আর্থিক চেক এবং ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উন্নত মানের হুইলচেয়ার হস্তান্তর করেন।

উক্ত সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজনুল ইসলাম আকন্দ।

তাছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।