প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ: কারিগরি শিক্ষায় যৌথ সহযোগিতার তাগিদ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের শিক্ষার গুণগত মানোন্নয়ন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রোববার (২১ জুন) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই কূটনৈতিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত নানা দূরদর্শী উদ্যোগের ভূঁয়সী প্রশংসা করেন পাকিস্তানের হাইকমিশনার।
সাক্ষাৎকালে গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ইতিমধ্যে কারিগরি শিক্ষাকে প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তান ও বাংলাদেশ দীর্ঘ সময় ধরে শিক্ষার উন্নয়নে একত্রে কাজ করে আসছে। বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের চাহিদানুযায়ী পাকিস্তানের সহযোগিতা করার বড় সুযোগ রয়েছে। এ সময় তিনি পাকিস্তানের বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার জন্য বাংলাদেশকে আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে উপহার হিসেবে ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে তুলে দেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।