সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২১ জুন) বিকাল ৫টায় রামগতির পৌর আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা বা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফার ইয়াসমিন নিপা এবং রামগতি থানা পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি শেষ সালাম প্রদর্শন করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মোশারেফ হোসেন এ অঞ্চলের রাজনীতি ও স্বাধীনতায় অনন্য অবদান রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি নোয়াখালী-হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দেশের সাধারণ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধন করেন।