↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৪ জুন ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ২৪ জুন ২০২৬, ৪:৪৪ এ.এম

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছিল ইংল্যান্ড। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে ঘানার জমাট রক্ষণভাগের সামনে হোঁচট খেয়েছে থমাস টুখেলের শিষ্যরা। বোস্টনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচজুড়ে ইংল্যান্ড বলের দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। প্রথমার্ধের প্রথম ২০ মিনিটে তাদের বল দখলের হার ছিল প্রায় ৮৮ শতাংশ। তবে ঘানার খেলোয়াড়রা নিজেদের অর্ধে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ রক্ষণ তৈরি করায় হ্যারি কেইন, জুদ বেলিংহ্যাম কিংবা ননি মাদুয়েকেদের মতো তারকারা সেভাবে সুযোগ তৈরি করতে পারেননি। পুরো ম্যাচে ইংল্যান্ড ১৯টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র তিনটি।

অন্যদিকে, কার্লোস কুইরোজের শিষ্যরা পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে। ৪২ মিনিটে ঘানার আন্তোয়েনি সেমেনিওর দৌড় ইংল্যান্ডের রক্ষণকে কিছুটা চাপে ফেলেছিল। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড কোচ একের পর এক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন। বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও এজে মাঠে নামলেও গোলের দেখা পায়নি দলটি।

ম্যাচের ৮৬ মিনিটে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। রিস জেমসের ক্রস থেকে নিকো ও’রেইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর যোগ করা সময়ে মার্ক গুয়েহির হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ঘানার ডিফেন্ডার কোজো পেপরাহ অপং। শেষ পর্যন্ত ঘানা শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে। এই ড্রয়ের ফলে গ্রুপে উভয় দলেরই পয়েন্ট এখন সমান ৪।