প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই; প্রতিমন্ত্রীর গভীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর দেশব্যাপী সাধারণ মানুষের মাঝে পরিচিতি ও ব্যাপক সমাদর পেয়েছিলেন তিনি।
এদিকে কৃষক কবির হোসেনের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।