↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ জুন ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ জুন ২০২৬, ৯:৪১ পি.এম

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও ফ্রান্স, ফাইনালের পথে মেসির সামনে সহজ সমীকরণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টের চলতি আসরেও নিজেদের হট ফেভারিট রূপ ধরে রেখেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতা লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি এবারো শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছে। অধিনায়ক মেসির একক নৈপুণ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দাপট দেখিয়ে অপরাজিত থেকে নকআউট বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার পাশাপাশি শক্তিশালী ফ্রান্সও গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচেই জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি যেভাবে ত্রাণকর্তার ভূমিকা পালন করছেন, ঠিক একইভাবে ফরাসি শিবিরে কিলিয়ান এমবাপ্পে দলকে নকআউটে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এদিকে, নকআউট পর্বের ড্র অনুযায়ী ফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সামনে সমীকরণটি বেশ সহজ দেখাচ্ছে। রাউন্ড অব ৩২-এ মেসিরা মুখোমুখি হবে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের। চলতি বিশ্বকাপে স্পেনের মতো পরাশক্তিকে আটকে দিয়ে চমক সৃষ্টি করলেও শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে তারা অনেকটাই পিছিয়ে।

এই ম্যাচে কেপ ভার্দেকে হারাতে পারলে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে লড়তে হবে মিসর বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। নকআউটে ওঠা এই দুই দলের সাম্প্রতিক ফর্ম কিছুটা নড়বড়ে হওয়ায় শেষ ১৬-র লড়াইও আর্জেন্টিনার জন্য খুব একটা কঠিন হবে না বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা কিংবা আলজেরিয়ার মধ্যে যেকোনো একটি দল। শক্তির দিক থেকে এই দলগুলোও আর্জেন্টিনার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। ফলে শেষ চারের আগ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালের রোডম্যাপ বেশ মসৃণ।

তবে মেসিদের আসল ও কঠিন পরীক্ষা হতে পারে সেমিফাইনালে গিয়ে। শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে লাইনে রয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, নরওয়ে কিংবা আইভরি কোস্টের মতো পরাশক্তিরা। এর বাইরে পানামা বা ইকুয়েডরের মতো দলগুলোও চমক দেখাতে পারে। ফলে সেমিফাইনালের মহারণের আগে প্রতিপক্ষ হিসেবে বড় বাধা পাচ্ছে না আর্জেন্টিনা।