আগামী দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আর মাত্র দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। উৎপাদনের সবশেষ ও চূড়ান্ত জটিল ধাপ পেরিয়ে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ কেন্দ্রটি থেকে প্রথমবারের মতো প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানান।
সংসদে মন্ত্রী বলেন, পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে ‘কমিশনিং ও স্টার্ট-আপ’ পর্যায়ে রয়েছে। এটি মূলত মূল বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পূর্ববর্তী শেষ এবং অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। কারিগরি সব বিষয় নিশ্চিত করে আগামী আগস্টের মধ্যে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
ফকির মাহবুব আনাম আরও উল্লেখ করেন, প্রথমবারের মতো পারমাণবিক শক্তি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার এই ঘটনাটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। এটি দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।