↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ জুন ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পি.এম

এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়ন আলাদা করে আমলাতন্ত্রমুক্ত করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আলাদা করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি উল্লেখ করেন, নীতি নির্ধারণী জায়গাকে পুরোপুরি ‘আমলাতন্ত্র’ মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে নতুন নীতি নির্ধারণী কাঠামো তৈরি করা হবে। দেশে বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান সংকটটি রাজস্ব নীতির জায়গাতেই রয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক ও কর কাঠামোর সংস্কার নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

অধিবেশনে প্রস্তাবিত বাজেটে করজাল বাড়ানোর উদ্যোগ মুদি দোকানদার বা কাঁচাবাজার পর্যন্ত পৌঁছাবে কিনা সে বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এবারের বাজেটে করের হার ওপরের দিকে বাড়ানো হয়নি; বরং অত্যন্ত যৌক্তিকভাবে করজাল সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।

করজাল বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে জোনায়েদ সাকি আরও জানান, প্রাথমিকভাবে যাতে দক্ষতার সঙ্গে কর আদায় নিশ্চিত করা যায়, তার জন্য নাগরিকদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে কর নির্ধারণ করা হবে। একই সঙ্গে কর ফাঁকি ঠেকাতে এনবিআরের অটোমেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কর আদায়ের ক্ষেত্রে জনগণের উদ্বেগের বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণকে আমাদের স্বস্তি দিতে হবে, তাই এ বিষয়ে অবশ্যই আমাদের উদ্বেগ প্রকাশ করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।