শুধু দিবস পালন নয়, প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান

শুধু একটি নির্দিষ্ট দিবস পালনের মধ্যেই পরিবেশ সংরক্ষণের দায়িত্ব শেষ হয় না উল্লেখ করে দেশের প্রতিটি নাগরিককে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে এবং একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ রক্ষায় পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী একটি অনন্য পরামর্শ দেন। তিনি বলেন, পরিবারে নতুন কোনো ভাই বা বোনের জন্ম হলে তাদের স্বাগত জানাতে তাদের নামে একটি করে গাছ রোপণ করা যেতে পারে। এর ফলে সন্তান যেভাবে ধীরে ধীরে বেড়ে উঠবে, তার নামের গাছটিও ঠিক সমান্তরালে বড় হয়ে উঠবে।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে বাংলাদেশের নিমগাছ রোপণের ঐতিহাসিক প্রসঙ্গটি স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগে একসময় বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেসব চারা থেকে সেখানে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে পবিত্র আরাফাতের ময়দানে লাখ লাখ হাজিকে শীতল ছায়া দিচ্ছে।
উদ্বোধনী এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।
তা ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।