↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩০ জুন ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৩০ জুন ২০২৬, ৩:৩৯ এ.এম

ব্রাজিলের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন জাপান কোচ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে জাপান। তবে ম্যাচ ছাপিয়ে ফুটবল বিশ্বে এক অনন্য ও আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। দলের এমন পরাজয় ও বিদায়ের পর তিনি মাঠেই সব খেলোয়াড়কে একত্র করেন এবং গ্যালারিতে থাকা জাপানি সমর্থকদের উদ্দেশে মাথা নত করে গভীর দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।

ম্যাচ শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে জাপানি কোচ বলেন, ‘আমরা সমর্থকদের এই কাঙ্ক্ষিত জয় উপহার দিতে পারিনি, যার জন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন প্রধান কোচ হিসেবে এই ব্যর্থতার সম্পূর্ণ দায় আমার এবং আমি সবার কাছে ক্ষমা চাইছি।’ ২০১৮ সাল থেকে টানা আট বছর ধরে ব্লু সামুরাইদের ডাগআউট সামলানো মোরিয়াসু হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত থাকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গভীর রাতে চোখ রাখা সমস্ত জাপানি সমর্থককে ধন্যবাদ জানান। বিদায়ের স্তব্ধতা কাটিয়ে এই ফল মেনে নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য চমক দেখিয়ে প্রথম গোলটি আদায় করে নেয় জাপানই। মাঝমাঠে ব্রাজিলের দানিলোর একটি ভুল পাস কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত ক্রস শটে আলিসনকে পরাস্ত করেন জাপানি তারকা কাইশু সানো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এশিয়ান পরাশক্তিরা।

তবে বিরতির পর চেনা ছন্দে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। দ্বিতীয়্যার্ধের ৯ম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গ্যাব্রিয়েল মাগালায়েসের নিখুঁত ক্রসে দারুণ এক হেডের সাহায্যে ব্রাজিলে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ম্যাচের ভাগ্য যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে রায়ানের পাস থেকে ব্রুনো গিমারায়েস বল পান এবং তাঁর নিখুঁত পাসে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ব্রাজিলকে ২-১ গোলের নাটকীয় জয় এনে দেন।

চলতি বিশ্বকাপে একটি জয়, দুটি ড্র এবং একটি হারের খতিয়ান নিয়ে নিজেদের ফুটবল অভিযান শেষ করল জাপান। এই হারের ফলে ইতিহাসে এখনো পর্যন্ত বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ না জেতার আক্ষেপ ঘুচল না দলটির। অন্যদিকে, রোমাঞ্চকর এই জয়ে শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল এখন আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছে।