ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এসব উপকরণ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
উপকরণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়ন নিশ্চিতের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমানে জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, প্রতিমন্ত্রী তার নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। এই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। সর্বস্তরের মানুষের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সার্বিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।