↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ জুলাই ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ জুলাই ২০২৬, ৭:৪৭ পি.এম

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর গুলশান, বনানী, ববারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিশেষ করে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেকগুলোকে সম্পূর্ণ দূষণমুক্ত করার ওপর তিনি জোর দিয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী লেকের বর্জ্য দ্রুত অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে একক কোনো উদ্যোগের পরিবর্তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে লেক দূষণমুক্ত করার লক্ষ্যে গৃহীত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তারা উল্লেখ করেন, যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা অবিলম্বে রোধ করা জরুরি।

সভায় লেকের পরিবেশ রক্ষায় আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া লেক ও এর সঙ্গে যুক্ত থাকা খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, জমে থাকা বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি কড়াইল বস্তির বর্জ্য যাতে কোনোভাবেই সরাসরি লেকের পানিতে মিশতে না পারে, সেজন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির বিষয়েও কথা বলেন উপস্থিত প্রতিনিধিরা।

উক্ত সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।