কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিএডিসির অত্যাধুনিক বাষ্পতাপ প্লান্ট উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

দেশের আমসহ বিভিন্ন সতেজ কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি এবং গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অত্যাধুনিক বাষ্পতাপ (ভ্যাপার হিট ট্রিটমেন্ট) প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে এই আন্তর্জাতিক মানের প্লান্টের সংযোজন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে সরকার বর্তমান উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং রপ্তানি ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হলেও আন্তর্জাতিক বাজারে সেই তুলনায় রপ্তানি এখনো আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বাংলাদেশ থেকে আম ও অন্যান্য কৃষিপণ্য আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। তবে এসব বাজারে পণ্য পাঠাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রিটমেন্ট ও স্বাস্থ্যসম্মত প্যাকেজিং বাধ্যতামূলক হওয়ায় এই নতুন প্লান্ট আমদানিকারক দেশগুলোর আস্থা পূরণে বড় ভূমিকা রাখবে। এই প্লান্টে শুধু আম নয়, বরং লিচু, কাঁঠাল, পেয়ারা, টমেটো, আলু ও মিষ্টি আলুর মতো বিভিন্ন কৃষিপণ্যের বহুমুখী রপ্তানির সুযোগ তৈরি হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।
রপ্তানিকারকদের কাজের সুবিধার্থে এই প্লান্টেই ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়ে আমিন উর রশিদ বলেন, একই স্থানে পণ্য ধোয়া, ট্রিটমেন্ট, প্যাকেজিং ও কোয়ারেন্টাইন সনদ প্রদান করা হবে। এর ফলে রপ্তানি প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি কমবে সময় ও অতিরিক্ত ব্যয়।
এর পাশাপাশি বিমানবন্দরে রপ্তানিযোগ্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার স্থাপন এবং কার্গো ভাড়া কমানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সারা দেশে পর্যায়ক্রমে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে ন্যায্যমূল্য পেতে পারেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহামে রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিএডিসির চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।