↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ জুলাই ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ জুলাই ২০২৬, ১১:৩২ পি.এম

ভারি বর্ষণে ঝুঁকি: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

টানা ভারি বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাত ৯টায় বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহতভাবে ভারি বর্ষণ হচ্ছে। এর ফলে জেলার বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যমান এই আবহাওয়াজনিত পরিস্থিতি এবং পাহাড় ধসসহ সম্ভাব্য অন্যান্য ঝুঁকি বিবেচনা করে পর্যটকদের সুরক্ষায় এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলো।

এরই অংশ হিসেবে নির্ধারিত সময়সীমার মধ্যে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটক, দর্শনার্থী এবং ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই সময়ে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পাশাপাশি জেলা প্রশাসনের দেওয়া এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।