গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর পাওয়া গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের এই সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ রক্ষায় বনায়নের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের সকলের জাতীয় দায়িত্ব। একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হলে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তিনি কেবল রাষ্ট্রপ্রধান হিসেবে নন, একজন প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিজের জীবন বাজি রেখে কাজ করছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সবুজের আবহে ঘেরা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দেশজুড়ে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।