↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ জুলাই ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ১০ জুলাই ২০২৬, ৪:৫৪ পি.এম

সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সর্বসাধারণের জন্য খুব শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। জাদুঘর চালুর বিষয়ে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং নতুন একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও ঐতিহাসিক শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কমিটি কিছুটা অগোছালো অবস্থায় ছিল। তবে বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এই বিষয়ে জাতীয় সংসদেও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও অন্যান্য বিস্তারিত তথ্য দেশবাসীকে জানানো হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের বহু সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে। গত ১৮ থেকে ২০ বছরে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে এবং ব্যাংক-বিমা খাতকে লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া গৌরবময় ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে আন্তরিকভাবে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। এ ছাড়া সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এবং স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।