বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো ইমানি ও মানবিক দায়িত্ব: মাওলানা মামুনুল হক

দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর রহমতের প্রত্যাশা করা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি ও মানবিক দায়িত্ব।
শনিবার (১১ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ীসহ সামর্থ্যবান নাগরিকদের সর্বাগ্রে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সরকারের পক্ষ থেকে পরিকল্পিতভাবে ত্রাণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা জরুরি। একই সঙ্গে ত্রাণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেন না ঘটে, তা নিশ্চিত করার জন্য তিনি তাগিদ দেন।
তাছাড়া ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, দুর্যোগের স্থায়ী সমাধানের জন্য কার্যকর নদী ব্যবস্থাপনা এবং সুদূরপ্রসারী বন্যা নিয়ন্ত্রণ উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
বৈঠক থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। মাওলানা মামুনুল হক দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের পরিচালনায় এই বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।