↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ জুলাই ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ১১ জুলাই ২০২৬, ৬:৪৭ পি.এম

আইসিটি খাতে আগামী ৫ বছরে ১০ লাখ নতুন কর্মসংস্থান করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবনের অন্যতম প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করে এই খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে দেশের আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

শনিবার (১১ জুলাই) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই গবেষণা ল্যাবগুলো শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করার পাশাপাশি শিল্প-উপযোগী বিভিন্ন ডিজিটাল সমাধান উদ্ভাবনে প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনের মূল চালিকাশক্তি মনে করেন। সেই ধারাবাহিকতায় ভবিষ্যৎ উপযোগী দক্ষ জনশক্তি গড়তে তৃণমূল পর্যায় পর্যন্ত এআই প্রশিক্ষণ কেন্দ্র এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণে কাজ করছে সরকার। তাছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ড ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির গবেষক দল ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’ নামে কয়েকটি প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করেছে এবং বর্তমানে তারা ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প নিয়ে কাজ করছে। অনুষ্ঠান শেষে এআই প্রজেক্ট কম্পিটিশনে অংশ নেওয়া প্রকল্পগুলোর মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।