↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৩ জুলাই ২০২৬, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ১২ জুলাই ২০২৬, ৭:৪৬ পি.এম

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জনসংখ্যাগত রূপান্তর, জনমিতিক লভ্যাংশ এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংসদের আলোচনায় নিয়ে এসে কার্যকর আইন ও নীতি প্রণয়ন করা সম্ভব হলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ’ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্যকে ধারণ করে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। এ সময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদীয় কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিহ্ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি জনতাত্ত্বিক পর্যায়ে রয়েছে, যেখানে জনসংখ্যার বড় অংশই তরুণ। তবে এই জনমিতিক লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, এটি পরিকল্পিত বিনিয়োগের ফল। তরুণদের মানসম্মত শিক্ষা ও কারিগরি দক্ষতা নিশ্চিত করা না গেলে এই সম্ভাবনা ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে স্পিকারসহ অন্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।